ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ি জেলা রাঙামাটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো।
গতকাল শনিবার ঈদের দিন ও রোববার (২২ মার্চ) ঈদের পরদিন রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটের পাশাপাশি কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
রোববার বিকালে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, পর্যটকদের পদচারণায় মুখর ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি। ঝুলন্ত সেতুর পাশ থেকেই ট্যুরিস্ট বোট ভাড়া নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। এছাড়া পর্যটন হলিডে কমপ্লেক্সের সানরাইজ ইকো পার্কেও অবকাশযাপন করছেন ভ্রমণপ্রেমীরা। সব মিলিয়ে অন্যান্য সময়ের তুলনায় এখন আরো বেশি মুখর হয়ে উঠেছে ঝুলন্ত সেতু এলাকাটি।
এছাড়া রাঙামাটির পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, শিশু পার্ক, আসামবস্তি ব্রিজ, আসামবস্তি-কাপ্তাই সংযোগ (বড়াদম) সড়কে পর্যটক ও স্থানীয়দের উপস্থিতি অনেকটা বেড়েছে।
তবে এবারের ঈদে রাঙামাটির অন্যতম নতুন আকর্ষণ সড়ক বিভাগের সওজ লেকভিউ গার্ডেন। প্রায় শত প্রজাতির ফুলের এই বাগানে পর্যটকদের থেকেও স্থানীয়রা বেশি ভিড় জমাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতেও রয়েছে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি।
ঝুলন্ত সেতুতে কথা হয় ঢাকা থেকে আসা পর্যটক মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে। তিনি জানান, এর আগেও রাঙামাটিতে অনেকবার এসেছি। তবে ঈদের ছুটি উপলক্ষে এবারই প্রথমবার। এই প্রথম ঈদে রাঙামাটিতে আসলাম।

এদিকে, ঈদকে কেন্দ্র করে রাঙামাটির মেঘ-পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালিতেও পর্যটকদের পদচারণায় মুখর। সাজেকের শতাধিক রিসোর্ট-কটেজ শতভাগ বুকিং বলছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। রাঙামাটি সদর, কাপ্তাই উপজেলার রিসোর্টগুলোও প্রায় শতভাগই বুকিং। ভিড় বেড়েছে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আমাদের মোটেলের ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। ঈদের দিন থেকেই পর্যটকরা রাঙামাটি আসছেন। ঝুলন্ত সেতুর পাশাপাশি সানরাইজ ইকো পার্কে বেড়াচ্ছেন।
পর্যটন ঝুলন্ত সেতুর টিকেট কাউন্টারের ব্যবস্থাপক মো. সোহেল জানান, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৪ হাজার পর্যটক টিকেট কেটে পর্যটন ঝুলন্ত সেতুতে প্রবেশ করেছেন।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, আজকে (রোববার) থেকে পর্যটকরা সাজেক আসা শুরু করেছেন। আমাদের রিসোর্ট কটেজগুলো ২৮ মার্চ পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে। আজকে প্রথম দিনে কতজন পর্যটক এসেছে তা সন্ধ্যার পরে জানাতে পারব। তবে কেউ যদি রুম না পেয়ে থাকলে তাদের জন্যও থাকার ব্যবস্থা করা হবে।












