রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনে হেলিকপ্টারে কাজ করবে র‌্যাব

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ভোটের দিন রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনে র‌্যাবের হেলিকপ্টার কাজ করবে বলে জানিয়েছেন র‌্যাব৭ এর কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মো. সাইফুর রহমান। গতকাল বুধবার রাঙামাটি সরকারি কলেজ মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও যেন শান্তির সুবাতাস বয়, সেজন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে। যেসব এলাকায় আমরা সরাসরি যেতে পারব, সেসব এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করব। সে লক্ষ্যে আমাদের ইন্টেলিজেন্স (গোয়েন্দা বাহিনী) ও সাদা পোশাকধারী র‌্যাব কাজ করছে। তিনি বলেন, এখানে আমাদের পেট্রোল টিম আছে একদম সারা দিন; ২৪ ঘণ্টা কাজ করবে। ভোটার যদি নিরাপত্তামূলক কোনো সমস্যায় থাকে ভোট দিতে পারছে না, সেক্ষেত্রেও আমরা চেষ্টা করব। ভোটকেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে, সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আশা করছি আগামীকাল বৃহস্পতিবার (আজ) সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব।

পূর্ববর্তী নিবন্ধ‘ভাষার জন্য ২১, তাই ভাষার নামে দেশ’
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে কঠোর নজরদারি