রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ

জ্বালানি তেল সংকট

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ৫:৫১ অপরাহ্ণ

জ্বালানি তেল সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে চালকরা স্পিডবোট চলাচল বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সচল রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

রাঙামাটি জেলা শহরের সঙ্গে জেলার পাঁচটি উপজেলা বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় নৌ পথে যোগাযোগের একমাত্র মাধ্যমে কাঠের তৈরি দোতলা লঞ্চ ও স্পিডবোট। লঞ্চে যাতায়াতে বেশি সময়ের প্রয়োজন হওয়ায় অধিকাংশ যাত্রী স্পিডবোটে বেশি চলাচল করে থাকেন।

অমর বিকাশ চাকমা নামে এক যাত্রী বলেন, জরুরি কাজে বাঘাইছড়ি যাওয়ার জন্য সকালে বের হয়েছিলাম। সকালে মারিশ্যা পিকআপে টিকেট পাইনি। তাই দুপুরে স্পিড বোটে করে যাওয়ার জন্য ফিসারিঘাটে গিয়ে শুনি বোট নাকি বন্ধ। তাই আজকে আর যেতে পারলাম না।

কামরুল হাসান নামে আরেকজন বলেন, লঞ্চের চেয়ে স্পিডবোটে কম সময়ে যাতায়াত করা যায়। কিন্তু আজকে সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছে হয়েছে। বোট চালকরা বলতেছে তেল না থাকায় বোট চলাচল বন্ধ করেছে। আমার লংগদু যাওয়ার কথা এদিকে দুপুরে আড়াইটার পরে কোন লঞ্চ না থাকায় বাধ্য হয়ে শহরের আত্নীয় বাসায় থাকতে হবে।

রাঙামাটি ফিসারিঘাটের স্পিডবোটের লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, আমরা গতকাল (শনিবার) থেকে তেল পাচ্ছি না। তাই আজকে (রোববার) সকাল থেকে তারা কোন বোট চালাতে পারতেছে না। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। জেলা প্রশাসন থেকে বনরুপা ফিলিং স্টেশনে বলে দেওয়া স্পিড বোটের জন্য তেল বরাদ্দ রাখতে।

আমাদেরকে ফিলিং স্টেশন থেকে বলা হয়েছে আগামীকাল (সোমবার) তেল আসা সাপেক্ষে ২০০ লিটার তেল দেওয়া হবে। তেল পেলে আমাদের মোটামুটি ৫টি বোট চলাচল করতে পারবে। আপাতত আজকে তেলের সংকটে কোনো বোট চলাচল করে পারেনি।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, আমাদের লঞ্চ চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। তবে পাম্পগুলো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না । তবে আমাদের ২-৩ দিন চালানোর মতো তেল সংরক্ষণ করে রাখা রয়েছে।

এ বিষয়ে রাঙামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, তেল সরবরাহ বন্ধ থাকায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। লঞ্চ ও স্পিডবোটগুলো যেন চলাচল করতে পারে সেজন্য ফিলিং স্টেশনে তেল বরাদ্দ রাখার জন্য বলে দেওয়া হয়েছে। এ সংকট নিরসনে আমরা কাজ করতেছি।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে ইরানে ২ শতাধিক ছাত্র-শিক্ষকের প্রাণ গেছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আগুনে পুড়ে দুই ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু