রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একই দিন সিএনজি টেক্সির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরেক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হ্রদ থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের জোড়াটিলা এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আরাফাত মাছ ধরার বোটে কাজ করতেন। এ ঘটনায় বোটের মালিক মো. শফিককে আটক করেছে বরকল থানা পুলিশ।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সুবলং এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি দুই থেকে তিন দিন ধরে পানিতে পড়ে ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে শনিবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের লাভ পয়েন্ট এলাকায় সিএনজি টেক্সির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোকেল চাকমা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত চাকমা (১৯) ও স্বাগত চাকমা (১৯) নামে আরও দুজন আহত হয়েছেন। তারা সবাই বরকল উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, কাপ্তাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই এক যুবকের মৃত্যু হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।











