জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার জেরে গতকাল শনিবার সকাল ১০টার পর থেকে হঠাৎ করে রাঙামাটিতে গাড়ি না চালানোর ঘোষণা দেয় জেলা বাস ও অটোরিক্সা সমিতি। পূর্ব ঘোষণা ছাড়া যান চলাচল বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েন যাত্রী সাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি রাঙামাটি থেকে। বন্ধ করে দেয়া হয়েছে শহরের একমাত্র যাতায়াতের বাহন অটোরিকশা। এতে সকালে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়। সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন দূর পাল্লার যাত্রী ও অসুস্থ রোগীরা।
বাস-অটোরিক্সার মালিক ও চালকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল। সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এতো দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। কারণ তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তিও হবে না। এই কারণে গাড়ি না চালানোটাই ভালো।
এদিকে, রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, সকাল থেকে আমরা গাড়ি চালিয়েছিলাম। কিন্তু ভাড়া নিয়ে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা হওয়ায় গাড়ি বন্ধ রেখেছি। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় আমরা ভাড়া বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আমাদের রোববার সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
এ প্রসঙ্গে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আগামীকাল (রোববার) সকাল ১১টায় আমরা এ সংক্রান্ত সভা আহ্বান করেছি। সভায় ভাড়া নিয়ে সিদ্ধান্ত হবে।











