রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে হুমকি থানায় জিডি

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাঙামাটির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রার্থী নিজেই।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, গতকাল (রোববার) রাতে অজ্ঞাত দুইজন ব্যক্তি এসে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বলে। যদি আমি সরে না যাই, তাহলে আমাকে মারার হুমকি দেয়া হয়। এরপর রাতে আমি থানায় একটা ডায়েরি করেছি এবং প্রচারণাসহ জীবনের নিরাপত্তা চেয়ে জেলা রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, রাতে থানায় একটি ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

এর আগে, ১ জানুয়ারি রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করেন। এসময় পহেল চাকমার সমর্থক ফরমে ৭৯টি স্বাক্ষর কম থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। সেখানে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ব্যতিত বাকি সাতজন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ১১ জানুয়ারি প্রার্থিতা ফিরে পান পহেল চাকমা।

পূর্ববর্তী নিবন্ধরমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশের মাধ্যমে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে