রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ২:১৫ অপরাহ্ণ

রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়িতে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার্ড ও ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সাপছড়িতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও পুলিশ।

দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা জানায়, ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিল। পথের মধ্যে গাড়ি ব্রেকফেল হলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় ১৯ আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
পরবর্তী নিবন্ধহালিশহরে বিস্ফোরণ : পরিবারের শেষ সদস্য স্নিগ্ধাও না ফেরার দেশে