রাঙামাটিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনূর্ধ্ব–১৫ ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গত ৮ এপ্রিল বিকালে চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া দপ্তরের আহ্বায়ক বরুন বিকাশ দেওয়ান। মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অনূর্ধ্ব–১৫ বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তাদের আধুনিক ফুটবল কৌশল ও শারীরিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচিতে রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ফুটবল একাডেমি থেকে মোট ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরবর্তীতে ট্রায়ালের মাধ্যমে তাদের মধ্য থেকে ৩০ জন শিক্ষার্থীকে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।













