রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে নাবিলা আক্তার (৩) নামে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল।
জানা যায়, রাউজান থানা পুলিশ নাবিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে রাতে অভিযানে নামে। পুলিশ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার বিকালে শিশু নাবিলা রাস্তায় খেলছিল। এ সময় সেখানে নাবিলার পরিবারের পরিচিত এক ব্যক্তি নাবিলাকে ডেকে নিয়ে একটি টেক্সিতে উঠিয়ে নিয়ে যায়। অপহরণকারী তার পরিবারের কাছে নাবিলাকে ফেরত দেয়ার শর্তে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর শিশুর বাবার রাউজান থানায় অভিযোগ দিলে পুলিশ প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণকারী চক্রের তিন সদস্য মো. রুবেল ওরফে বেচন (৪৫), মো. জাহেদ (২৬) ও মুনসুর আলমকে (৩২) গ্রেপ্তার করে।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নাবিলার বাবা মো. আজাদ বাদী হয়ে এই ঘটনায় রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। এই মামলায় অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণে ব্যবহৃত টেক্সি জব্দ করা হয়েছে।












