রাউজানে ৪ ভেকু জব্দ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

পাহাড় সমতল ফসলি জমি উজাড়

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার বিভিন্ন স্থানে কৃষিজমি ও পাহাড়টিলা ভূমি কেটে মাটি সরবরাহের কার্যক্রম চলতে থাকায় পরিবেশ ও কৃষি জমি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিন উদ্বেগজনক হারে কমছে চাষযোগ্য জমি; অনেক পাহাড় ও টিলা ভূমি সমতলে পরিণত হচ্ছে।

এমন পরিস্থিতিতে অবৈধ মাটি কাটার তৎপরতা বন্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। গত রোববার দিনব্যাপী যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

অভিযান চালানো হয় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকা, উপজেলার বিনাজুরী ইউনিয়ন ও সদর ইউনিয়নের কয়েকটি স্থানে। এদিন ছয়টি স্থান থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি খননযন্ত্র (ভেকু) জব্দ করা হয়। একই সঙ্গে মাটি কাটার সঙ্গে জড়িত চারজনকে মোট সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে উপজেলার ও পৌর এলাকার বিভিন্ন জায়গায় পাহাড়, টিলা ও কৃষিজমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহের ব্যবসা শুরু হয়। অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মী এ ব্যবসার সঙ্গে জড়িত। নিয়ন্ত্রণ নিয়ে দলীয় উপদলগুলোর মধ্যে দ্বন্দ্ব ও সহিংসতার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দলীয় পর্যায় থেকেও এসব মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন আগে অভিযানে নামলেও তা তেমন জোরালো ছিল না। তবে সর্বশেষ রোববার একদিনে একাধিক এলাকায় অভিযান পরিচালনা করায় স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যকর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, প্রশাসনের বহুমুখী কাজের চাপের কারণে এতদিন এসব অপতৎপরতার বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তিনি বলেন, যারা পাহাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রি করে চাষযোগ্য জমি উজাড় ও পাহাড়টিলা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। রোববারের অভিযান সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পরিচালিত হয়েছে। সারাদিনে ছয়টি স্থানে অভিযান চালিয়ে চারটি ভেকু জব্দ করা হয়েছে এবং ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে কর্মচারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাইভোল্টেজ লাইনে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু