পবিত্র রমজানে ভোক্তদের জিম্মি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়ার বিরুদ্ধে অভিযানে নেমেছে রাউজান উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম উপজেলা সদরের ফকিরহাটে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি দোকানে মূল্যতালিকা না টাঙানো ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৪ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলে সকাল থেকে দুপুর পর্যন্ত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন রাউজান উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা জয়িতা বসু, স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান ও রাউজান থানা পুলিশের একটা টিম। অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেছেন, দোকানে মূল্য তালিকা না থাকলে আর বেশি দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান চলমান থাকবে। এর আগের দিন অভিযান চালানো হয় নোয়াজিশপুর নতুন হাটে।












