রাউজান উপজেলার তালিকাভুক্ত ৩০ হাজার পরিবারের মধ্যে পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে নোয়াপাড়ার প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন। গতকাল শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এটি চলবে আরও দশ দিন।
জানা গেছে, জসিম উদ্দিন ফাউন্ডেশন গত ১০ বছর ধরে রমজান মাসের শুরুতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। আগে এই কর্মসূচি দক্ষিণ রাউজানের ছয়টি ইউনিয়নে সীমাবদ্ধ ছিল। তবে এবার ফাউন্ডেশন উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার নয়টি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করেছে।
ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ বলেন, গত তিন মাস ধরে তাদের প্রতিনিধিরা দরিদ্র, অস্বচ্ছল ও মধ্যবিত্ত পরিবার চিহ্নিত করে ৩০ হাজার পরিবারের তালিকা প্রস্তুত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল শুক্রবার থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল, এক বস্তা আলু, পিঁয়াজ, চিনি, ভোজ্য তেল, ডালসহ নয়টি পদের খাদ্য সামগ্রী। এসব সামগ্রী নোয়াপাড়া ইউনিয়নের সামমহালদার পাড়ার ইউনুচ কোম্পানির বাড়ি থেকে সরবরাহ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিক, পরিচালক মোহাম্মদ মোখতার আহমদ, ইয়াসিনুল হক, আবু তাহের, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, খসরুল আমিন চৌধুরী, ফারুকে আজম, অধ্যাপক ড. মফিজুর রহমান, আশরাফ আলী, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মাওলানা মুফতি ইব্রাহিম।












