রাউজানে সড়কের ওপর কাদা মাটির আস্তর পড়ে কার্পেটিংয়ের কালো রঙের বদলে ছোপ ছোপ ধূসর বর্ণ ধারণ করেছে। বৃষ্টি হলেই সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়বে। এতে যানবাহন চলাচলে দুর্ঘটনা ঘটতে পারে। ফলে হতাহত হওয়ার শঙ্কা রয়েছে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, চট্টগ্রাম–রাঙামাটি চার লেইন মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, মাওলানা দোস্ত মোহাম্মদ সড়ক, গহিরা অদুদীয়া সড়ক, নোয়াপাড়া সেকসন ১ ও ২ সড়কসহ প্রায় প্রতিটি কার্পেটিং করা সড়কে কাদা মাটির আস্তর পড়ে ধূসর বর্ণ ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার আমলে এই উপজেলায় মাটি ব্যবসায় জড়িত ছিল আওয়ামী লীগের লোকজন। গত বছরের পাঁচ আগস্টের পর ওই মাটি খেকোরা পালিয়ে গেলে এখন তাদের শূন্যস্থান পূরণ করেছে বিএনপি পরিচয়ধারী কতিপয় মাটি ব্যবসায়ী। মাটি কাটা ও বালু সরবরাহ ব্যবসায় জড়িতরা এখন বিভিন্ন এলাকায় দল উপদলে বিভক্ত। তারা এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ সংঘাতে জড়িয়ে খুনাখুনির ঘটনা ঘটাচ্ছে। রাউজানে প্রায় এলাকায় কৃষি জমি, পুকুর ডোবা ভরাট করা হচ্ছে। ভরাট কাজের মাটি ও বালুর জোগান দেয়া হচ্ছে পাহাড় টিলা ও কৃষি জমি কেটে। রাউজানের পূর্বাংশের কাজী পাড়ায় (পৌর নয় নম্বার ওয়ার্ড ও রাউজান ইউনিয়নের সীমানা) দেখা গেছে অন্তত ৫০ একর পাহাড় টিলা ভূমি কেটে ফেলা হয়েছে। ওই এলাকার মাটি ব্যবসায়ীরা খাল পাড়ের মাটিও কেটে নিচ্ছে। কৌশলে বালুর মহাল গড়ে তোলা হয়েছে। প্রতিদিন ট্রাক দিয়ে বালু সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়রা বলেছেন, রাউজানের নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মাটি ও বালুর ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে বার বার হুঁশিয়ারি করছেন। এতে জড়িতরা দিনের বেলায় মাটি কাটা ও পরিবহন বন্ধ রাখলেও সন্ধ্যার পর থেকে সারারাত চলে মাটি কাটা ও পরিবহন। সড়ক–মহাসড়ক দিয়ে ট্রাকে করে মাটি নিয়ে যাওয়ার সময় কাঁদা মাটি ছিটকে পড়ে। এ বিষয়ে রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, সম্প্রতি কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে ট্রাক জব্দ করাসহ সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাতে বেলায় মাটি কাটা ও পরিবহন কাজে অভিযান চালানো কঠিন। কারণ রাতে অভিযান চালাতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দরকার। ওই সময়ে পুলিশকে থাকতে হয় টহল কার্যক্রমে। এই কর্মকর্তা অবশ্য বলেন, রাতে হাইওয়ে পুলিশ সড়কে তৎপর থাকে। ওই সময় তারা মাটি পরিবহনের বিষয়টি দেখতে পারে।












