রাউজানের কদলপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরীসহ (৩৪) তিন যুবককে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই অভিযান চালায়।
গ্রেপ্তার অন্য দুই যুবক হল পাহাড়তলী ইউনিয়নের মহামনি গ্রামের নিতাই মাস্টার বাড়ির বাবু দের পুত্র জয়ন্ত দে (২৬) ও একই ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির নুর মোহাম্মদ তোতা মিয়ার পুত্র মো. রাজু (৩৬)। গতকাল শনিবার র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গ্রেপ্তার তিন যুবকের কাছ থেকে একটি রিভলবার, ১০২টি এয়ারগানের গুলি, পাঁচটি তাজা কার্তুজ, তিন রাউন্ড পুরনো কার্তুজ, তিনটি দা, একটি কিরিচ, একটি ছুরি ও ইয়াবা উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেছেন, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিদেশি একটি রিভলবারসহ গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











