রাউজানের পূর্বগুজরা অলিমিয়াহাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করা যুবদল কর্মী আবদুল মজিদ খুনের ঘটনায় প্রধান আসামি মো. নাঈম উদ্দিনকে (২৬) পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল। এ হত্যাকাণ্ডের পর নিহত মজিদের স্ত্রী নাঈমকে প্রধান আসামি করে মামলা করেছিলেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় মজিদের সাথে একটি শালিশি বৈঠকের ঘটনা নিয়ে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন দুর্বৃত্ত এসে অলিমিয়া হাটে একটি ফলের দোকানে বসা অবস্থায় মজিদকে পেয়ে গুলি করে পালিয়ে যায়। মজিদ ঘটনাস্থলে মারা যান।












