রাউজানে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাউজান নির্বাচনী আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নুরীর একটি নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট বাজারে নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় বলে অভিযোগ করেন প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আমান উল্লাহ আমান। এ বিষয়ে গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাউজান থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে প্রার্থী ইলিয়াস নুরী বলেন, আমার জয়প্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে। শত্রুদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে রাউজানবাসী ১২ ফেব্রুয়ারি মোমবাতির পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে বিজয়ী করার মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেবে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম বলেন, ঘটনাটির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকতে হবে
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজে বাস তল্লাশি এসি বক্সে ৪০ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার