চট্টগ্রাম–৬ নির্বাচনী এলাকা রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। উপজেলাব ৯৫টি কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ২১ জন। প্রার্থী রয়েছেন চারজন।
তাদের মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী সকাল সাড়ে সাতটায় গহিরা কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এই আসনের জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান মঞ্জু ভোট দেন ৮টা ২০ মিনিটে গহিরা ইউনুচ সুফিয়া উচ্চ বিদ্যালয়ে। ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী ইলিয়াস নুরী ভোট দিয়েছেন কদলপুর আইডিয়াল স্কুলে। গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন তালুকদার ভোট দেন গশ্চি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রমুখী হন ভোটারগণ। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে দেখা যায় লাইনে দাঁড়ানো নারী–পুরুষের ভিড়। তবে ১২টার পর থেকে কেন্দ্রে ভোটার সংখ্যা কমতে থাকে। দুপুর একটার পর প্রায় কেন্দ্র ফাঁকা হয়ে যায়।
প্রার্থীদের মধ্যে নাছির উদ্দিন তালুকদার অভিযোগ করেছেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিয়েছে তার প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা। রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মহিলা মাদরাসা কেন্দ্রের পাশে লোকজনের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ধানের শীষের কতিপয় কর্মীর হাতে প্রতিপক্ষ প্রার্থীর কয়েকজন হেনস্তার শিকার হয়েছেন।
তবে গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীগণ প্রতিটি কেন্দ্র এলাকায় এক সাথে ধানের শীষের জন্য কাজ করেছে। চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্ত্তা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গোলাম আকবর খোন্দকার ভোট দিয়েছেন। তিনি দলীয় প্রতীককে বিজয়ী করতে মাঠে থাকা নেতাকর্মীদের সাথে কুশলবিনিময় করেন। তাদের ধন্যবাদ জানান।
রাউজান থানা সূত্রে জানা যায়, যৌথ বাহিনী ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার অপরাধে ছয়জনকে আটক করেছে।










