রাউজানের পশ্চিম গুজরায় মগদাই গ্রামে মোহাম্মদ হারুন নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মোজাহেদা মিনা (১৮)। তিনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন মাঝিপাড়ার শিক্ষক নুরুল হুদার কন্যা। রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের চাঁদের দিঘির পাড়ের বাসিন্দা প্রবাসী হারুন ছয় মাস আগে দেশে এসে মিনাকে বিয়ে করেন। স্থানীয়রা বলেছেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্বামীর ঘরের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশ মিনার লাশ উদ্ধার করে। এসময় স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
মিনার বাবা নুরুল হুদার অভিযোগ, স্বামীর অনুপস্থিতিতে ছয় ননদ তাকে মানসিক নির্যাতনের মধ্যে রেখেছিল। তারাই মেয়েকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে লাশ উদ্ধাকারী পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, উদ্ধার করা গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।








