রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গত রোববার রাতে চোর চক্রের ছিটিয়ে দেয়া বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক পরিবারের ছয় জনসহ মোট আট নারী পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতে ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামিমুল ইসলামের বাসায় চুরি করতে গিয়ে চোর চক্রটি চেতনানাশক স্প্রে ব্যবহার করেছিল। ওই ঘটনায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সাবেক কাউন্সিলরসহ পরিবারের সদস্য দুপুর পর্যন্ত ঘরে ঘুমের ঘোরে ছিল। পরে ঘুম ভাঙলে দেখা যায়, ৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে নিয়েছে চোরচক্র। একই রাতে চোর চক্রটি কাউন্সিলরের প্রতিবেশী সাইফুল ইসলামের ঘরে চুরি করতে গ্রিল কাটার চেষ্টা হয়েছিল। তবে সেই ঘরে চুরি করতে ব্যর্থ হয়।
জানা যায়, এই পরিবারটির ঘরে চোর প্রবেশ করতে না পারলেও ছিটানো বিষক্রিয়ায় পরিবারের শিশুসহ নারী পুরুষরা আক্রান্ত হয়ে ঘরের ভিতর বিকেল পর্যন্ত ঘুমের মধ্যে ছিল। পরে অবস্থা বুঝে স্বজনরা তাদের চিকিৎসার জন্য নিয়ে যায় রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী মোহাম্মদ সায়েম জানিয়েছেন, তারা গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ছাড়াও বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন নাসরিন আকতার (৬০), মোহাম্মদ সায়েম (৩৫), নাঈমা সুলতানা (২৬), মোহাম্মদ সাইফুল আলম (৪৫), সাহিন আফরোজ (৩২), শাওরিন সাইফ (১২), সানিয়া সাইফ (৮) ও সুহাইনা সোহাগ (দুই মাস)।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, এই বিষয়ে সামিমুল ইসলামের একটি অভিযোগ পেয়েছি। এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












