রাউজানে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কেউটিয়া গ্রামে একটি ঘরে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই কায়দায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুলাল পাড়ায়ও চার ভাইয়ের ঘরে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। ১৭ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে কুলাল পাড়ায় গিয়ে পাশাপাশি অবস্থানে থাকা চার ভাই লক্ষী পাল, অধীর পাল, টুনটু পাল, পরান পালের ঘরে বাইরে তালা দিয়ে আগুন দেয়ার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন বাইরে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখে বাইরে থেকে দরজা বন্ধ। এসময় তাদের চিৎকারে পাড়ার লোকজন ছুটে আসতে দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পাড়ার লোকজন ঘরের বাইরের তালা ভেঙে তাদের উদ্ধার করে। একইভাবে কেউটিয়া গ্রামেও বড়ুয়া পাড়ায় সাধন বড়ুয়ার বসত ঘরের বাইরে থেকে তালা দিয়ে রান্না ঘর ও গরুর গোয়ালে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় সাধন বড়ুয়া বিকল্প দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। তিনি গোয়ালে থাকা গরুর গলার রশি কেটে দিয়ে গরুগুলোকে রক্ষা করেন। এসময় পাড়ার লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই সাধন বড়ুয়ার রান্নাঘর ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।
দুর্বৃত্তদের আগুন দেয়ার খবরে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নজির আহমদ খান, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম। এসময় জেলা পুলিশ সুপার বলেন, ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। স্থানীয় সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু বলেছেন, দুর্বৃত্তদের আনা কেরোসিন মিশ্রিত কাপড় ও পাটের বস্তা ঘরের বাইরে পাওয়া গেছে। তার দাবি নির্বাচন বানচাল ও রাউজানকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।














