রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরির ঘটনা ঘটেছে গত রোববার রাতে। ভুক্তভোগী রূপা বেগম (৩৫) জানান, তার স্বামী মোহাম্মদ জাগের উদ্দীন (৫৩) সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী। তিনি তার চার কন্যা সন্তান ও শাশুড়ি আমেনা বেগমকে (৮০) নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন।
৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার সন্তানকে নিয়ে রূপা বেগম তার বাবার বাড়িতে বেড়াতে যান। সেই সময় বৃদ্ধা শাশুড়ি পাশের মেয়ের বাড়িতে ছিলেন।
পরিবারের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যার দিকে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরদিন, ১৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে আমেনা বেগম বাড়িতে ফিরে আসলে দেখেন ঘরের সবকিছু ভাঙচুর ও লুটপাটের মধ্যে রয়েছে। এলাকার কিছু মানুষ জানিয়েছেন, আশেপাশের একটি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজনদের চলাচলের কিছু দৃশ্য ধরা পড়েছে।
রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানান, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









