রাউজানে প্রবাসীর ঘরে ডাকাতের হানা, মারধরে আহত ২

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের গোরাছা ফকিরপাড়ায় হাজী জহির আহমদের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার গভীর রাতে সশস্ত্র ডাকাতদল প্রবাসী আজিম উদ্দিনের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। প্রতিরোধ করার চেষ্টা করা হলে বাড়ির লোকজনকে মারধর করে ডাকাত দল। এতে দুইজন আহত হয়। এই ঘটনায় আক্রান্ত পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল লুণ্ঠিত মালামাল নিয়ে খোলা বিল হয়ে পালিয়ে যায়। প্রবাসীর নিকটাত্মীয় মোহাম্মদ ফরিদের সাথে ফোনে এ বিষয়ে কথা হলে তিনি গতকাল রাত পৌনে ১০টার দিকে জানান, ডাকাতির বিষয়ে অভিযোগ করতে তিনি থানায় গিয়েছেন। স্থানীয় ছরোয়ার খান মঞ্জু ভুক্তভোগী পরিবারের বরাতে বলেন, ডাকাত দল পরিবারের সদস্য কলেজ পড়ুয়া শিক্ষার্থী রাতুলকে হাতপা বেঁধে ও স্প্রে ব্যবহার করে অচেতন করে ফেলে রাখে। এসময় মারধর করা হয় গৃহকর্ত্রী শামসুন নাহারকে। এরপর ঘর থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন, নগদ দুই লাখ ২০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। মারধরে আহত শামসুন নাহার ও রাতুলকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার দুপুরে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়। জানতে চাইলে তদন্ত কেন্দ্রের পরিদর্শক দ্বীপতেষ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ ২ মার্চ
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে আহতদের পাশে জামায়াত নেতৃবৃন্দ