রাউজানে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে উপজেলার ডাবুয়া ও আলীরখিল এলাকায় পরিচালিত এই অভিযানে পাহাড় কাটার দায়ে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। এতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নির্বিচারে পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে ওই এলাকার বিপুল পরিমাণ পাহাড় ও কৃষিজমি এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একইভাবে কৃষি জমির উপরিভাগের মাটি ও হালের পাড়ের মাটি কেটে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, পাহাড় ও টিলা কাটার দায়ে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটার সংবাদ যেখানেই পাওয়া যাবে, সেখানেই অভিযান চালানো হবে। পরিবেশ ধ্বংসের সাথে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











