গত ২৫ অক্টোবর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল রশিদর পাড়া সড়কের কায়কোবাদ জামে মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবদল কর্মী মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে রিয়াজ (২৫)। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রিয়াজ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিক চৌধুরীর বাড়ির আবদুল মজিদ ওরফে কালু সওদাগরের ছেলে। স্থানীয় জনসাধারণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর কায়কোবাদ জামে মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মারা গিয়েছিল জাহাঙ্গীর আলম প্রকাশ আলম নামের এক যুবদল কর্মী। ওই ঘটনার সময় আলমের সাথে ছিলেন রিয়াজ। সেই সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। সেই সময় থেকে পরিবারের সদস্যরা তাকে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রেখেছিল। জানা যায়, পরিবারের সদস্যরা তার চিকিৎসা খরচ চালাতে না পেরে বাড়িতে এনে চিকিৎসা দিচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবদল কর্মীর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।












