রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

পুরুষদের টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতপাকিস্তান মুখোমুখি হওয়ার আগেই নারীদের অন্য একটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ব্যাংককে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দেন সাইমা ঠাকুর। ফিরিয়ে দেন ইউসরা আমিরকে। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাঝের দিকের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াত দুর্দান্ত বোলিং করেন। পাকিস্তানের হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ২৩ রান করেছেন। শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট পেয়েছেন জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির।

রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজিকে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। বৃন্দা ২৯ বলে ৫৫ রান করেছেন। মেরেছেন ১২টি চার। অনুষ্কা ২৪ রান করে আউট হন। চারে নেমে তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫ বলে ১২ রান করেন। ফলে ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

পূর্ববর্তী নিবন্ধনামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আশা যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগের ফাইনাল আজ