পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ জাগ্রত হয়। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো নিত্যপণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে।
গতকাল বুধবার বাদে আছর দেওয়ানবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগরীর বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক ও ডা. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












