সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানে আমাদের সংযমী হতে হবে। রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ–লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানসহ আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের পাশে দাঁড়ানোর। অসহায়, গরিব–দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। তাই পবিত্র রমজান মাসে সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
গতকাল বুধবার ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ ওয়াজেরপাড়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার দুস্থ পরিবারের মাঝে কাঁচা মাংস ও ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওমান প্রবাসী মো. নাছির উদ্দিনের সৌজন্যে ৩০০ পরিবারের মাঝে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুব উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












