রমজানে চট্টগ্রামে বিক্রি হয় শত কোটি টাকার ইফতারি

বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে মুখরোচক ইফতারি কিনতে রোজাদারদের ভিড়

জাহেদুল কবির | শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

রমজানকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে শত কোটি টাকার বেশি ইফতারি বেচাবিক্রি হয়। বিভিন্ন সড়কের মোড়ে, ফুটপাত এবং অভিজাত হোটেলরেস্টুরেন্টে প্রতিদিন জমজমাট ইফতার বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন হিসেব করলে অন্তত তিন থেকে সাড়ে তিন কোটি টাকার ইফতার বিক্রি হয়। বর্তমানে যে হারে নতুন হোটেল রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছেসে হিসেবে মানুষের মধ্যে রেস্টুরেন্ট খাওয়ার মনোভাব তৈরি হয়েছে। হোটেল রেস্টুরেন্টের বাইরে বিভিন্ন সুপার শপের সামনে সামিয়ানা টাঙিয়েও বিক্রি হচ্ছে ইফতারি। এছাড়া বিভিন্ন বাবুর্চিরাও ব্যক্তি উদ্যোগে ইফতার তৈরি করে সরবরাহের পাশাপাশি নিজেরা বিক্রি করছেন।

রমজানে ধনী গরীব সবাই কিছু না কিছু ইফতারি কিনেন। ফলে ইফতারি বিক্রির প্রকৃত চিত্রটা তুলে আনা আসলে কঠিন। গতকাল বিকেলে নগরীর জিইসি মোড়, ২ নং গেট, ওয়াসা মোড়, দেওয়ান হাট এবং নিউ মার্কেট এলাকার ইফতারির বাজার ঘুরে দেখা গেছেবিক্রেতারা ছোলা, পিঁয়াজু, বেগুনী, সমুসা, রেশমী জিলাপি, শাহী জিলাপি, বুরিন্দা, অন্থন, চিকেন স্পিং রোল, চিকেন জালি কাবাব, চিকেন সাসলিক, চিকেন উইংস, চিকেন ড্রামস্টিক, উইংস চপ, স্পাইসি চিকেন ফ্রাই, গ্রিল চিকেন, চিকেন শর্মা, শর্মা বার্গার, বাটার নান, শাহী পরাটা, চিকেন চপ, চিকেন টিক্কা, চিকেন বটি কাবাব, বিফ সিক কাবাব, জাফরানি শরবত, বোরহানি, ফিন্নি, চিকেন শাহী হালিম, বিফ শাহী হালিম এবং মাটন হালিমের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা পছন্দমতো এসব ইফতারি কিনছেন। নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লু, সোনালী হোটেল, পেনিনসুলা ও হোটেল আগ্রাবাদ ছাড়াও নগরীর বীর চট্টলা, বারকোড ফুড জংশন, পিটস্টপ, বনফুল, রয়েল বাংলা সুইট হাউস, স্যাফরান, রোদেলা বিকেল, হোটেল জামান, সাদিয়া’স কিচেন, বোনানজা, অ্যাম্ব্রোসিয়া, লর্ডস ইন, হাইওয়ে সুইটস, বেস্ট ওয়েস্টার্ন, ওয়েল পার্ক, মেরিডিয়ানসহ হোটেল রেস্টুরেন্টে ইফতারির জমজমাট বিকিকিনি হচ্ছে।

বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্তাধিকারী এবং বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক আজাদীকে বলেন, রমজানে হোটেল রেস্টুরেন্টে ভালোই ইফতার বেচাবিক্রি হচ্ছে। বাজার হিসেব করলে পুরো রমজান মাসে এটি শত কোটি টাকা হবে।

বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি আবদুল হান্নান বাবু বলেন, রমজানকে প্রতিটি হোটেল রেস্টুরেন্ট জমজমাট ইফতার বেচাবিক্রি হয়। তবে মাসে কী পরিমাণ সেই হিসাব আন্দাজ করা কিছুটা কঠিন। কারণ ইফতার হোটেলরেস্টুরেন্ট ছাড়িয়ে পাড়া মহল্লার অলি গলিতেও বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহরতাল-অসহযোগ আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ