ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন করা হয়। গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলাম।
তিনি বলেন, বাঙালি জাতির তিন উজ্জ্বল প্রতিভার স্মরণে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে প্রকৌশলীরা তাঁদের নান্দনিক বোধ ও উচ্চমার্গীয় সাংস্কৃতিক মননের পরিচয় দিয়েছেন। পেয়ারুল ইসলাম বলেন, বাংলা সাহিত্যের এই তিন দিকপাল বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে সমুন্নত করেছে। রবীন্দ্রনাথের কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও নজরুলের কবিতা এ দেশের রণ সঙ্গীত। জাতি তাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
তিনি বলেন, রবীন্দ্র ও নজরুলের সাহিত্য কর্মের যে চেতনায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম ত্বরান্বিত হয়েছিল, দুর্ভাগ্যবশত আধুনিকতা ও পাশ্চাত্যের সংস্কৃতির জোয়ারে আমাদের তরুণ সমাজ সে চেতনা থেকে দূরে সরে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আইইবি চট্টগ্রাম কেন্দ্র তিন কবির স্মরণে অনুষ্ঠান আয়োজন করে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী পালন করে আগামী প্রজন্মকে তার শিকড় চিনিয়ে দেয়ার উদ্যোগ নেয়া প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সুকান্ত ও নজরুলের সাহিত্য কর্মকান্ড নিয়ে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, পিইঞ্জ. ও রবীন্দ্র সাহিত্য সম্পর্কে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী আলোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।














