শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সরকারি ছুটিসহ ১০ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)। গতকাল শনিবার নগরীর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এবার রথযাত্রায় এক লক্ষ মানুষ সমাগম হবে বলে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসকন বাংলাদেশের সদস্য অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক দারুব্রহ্ম দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম মহানগর পূজা উদযা্পন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, দেবাশীষ আচার্য্য, রুপেশ্বর কৃষ্ণ দাস, প্রাণ গৌপিনাথ দাস, সুচারুকৃষ্ণ দারু দাস, রাধাকান্ত দাস, কাঞ্চন আচার্য্য, লিপটন দেবনাথ লিপুসহ অন্যরা। আগামী ২০ জুন বিকাল ৩টায় প্রবর্তক মোড় থেকে রথযাত্রা শুরু হবে এবং শেষ হবে হাজারি গলির মুখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ, রথযাত্রার উদ্বোধক হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি হিসেবে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।
নন্দনকানন ইসকন : নন্দনকানন ইসকন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম সম্মেলন কক্ষে ইসকন চট্টগ্রাম আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা গতকাল শনিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইসকন নন্দনকানন মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে রথযাত্রা উৎসবের দিন রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানান। এতে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুমন চৌধুরী। উপস্থিত ছিলেন ইসকন ন্যাশনাল কমিটির সদস্য সর্বমঙ্গল গৌর দাস, সুবলসখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী। এসময় জানানো হয়, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত নন্দনকানন রাধামাধব মন্দির প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম ইসকন আয়োজিত ২৬তম রথযাত্রা উৎসব উদযাপন করা হবে এবং ৭ দিনব্যাপী জে এম সেন হলে ভাগবৎ সপ্তাহ পালন হবে। ২০জুন রথযাত্রায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, জগন্নাথদেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, ধর্ম মহাসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় মহাশোভাযাত্রা নন্দনকানন রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের সম্মুখ থেকে শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তি।







