একাত্তরের শহীদ বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও বিজয় দিবস উপলক্ষে রক্তকরবীর নিবেদন গীতিআলেখ্য ‘ও আলোর পথযাত্রী’। ১৪ ডিসেম্বর রবিবার ২০২৫ সন্ধ্যা ৭ টায় সুগতপ্রসাদ বড়ুয়া মুক্তমঞ্চে রক্তকরবীর শিল্পীরা পরিবেশন করে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত জাগরণের গান। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীরা গেয়ে উঠে ‘ মরণসাগরপারে তোমরা অমর’। গানটির সাথে সাথে মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপরে সঙ্গীতজ্ঞ শীলা মোমেনের কথামালায় মুক্তিযুদ্ধের ঘটনা ফুটে উঠে আর কথামালার সাথে এক এক করে রক্তকরবীর শিল্পীরা গাইতে থাকে গান। শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের পছন্দের গান ‘দূর্গম গিরি কান্তার মরু’ দলীয় পরিবশেনা করেন শিল্পীরা। এছাড়াও দলীয় পরিবেশনায় ছিল ‘জনতার সংগ্রাম চলবে, মোরা একটি ফুলকে, লড়াই করো, পথে এবার নামো সাথী, শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতার পছন্দের গান– অমল ধবল পালে লেগেছে, ও শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর পছন্দের ‘ধনধান্য পুষ্প ভরা’ গানগুলো। একক পরিবেশনায় শুভ্রতা দাশের কণ্ঠে ‘সব কটা জানালা খুলে দাও না, শিল্পী সুরঞ্জিতের কণ্ঠে দাম দিয়ে কিনেছি বাংলা, শিল্পী পূরবী বড়ুয়া ও রুদ্র সওদাগরের কণ্ঠে ‘এক নদী রক্ত পেরিয়ে, শহীদ বুদ্ধিজীবী রাশেদুল হাসানের পছন্দের গান ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক পরিবেশন করে শিল্পী জয়িতা, শতাব্দী ও পূর্বা, এবং ‘আমি বাংলায় গান গাই’ পরিবেশনা করেন শিল্পী উমা ভট্টচার্য্য, হিমু ও কৌশিক।
সবশেষে সববেত কণ্ঠে ‘ও আলোর পথযাত্রী’ গানটির মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায়– পলাশ দেব, কীবোর্ডে– সৃজন রায়, অক্টোপ্যাডে – নন্দন নন্দী।








