বর্ষা মৌসুমে অপরূপ সাজে সেজেছে পাহাড় ও প্রকৃতি। প্রাণ ফিরেছে রাঙামাটির পাহাড়ি ঝরনাগুলোর। পাহাড় থেকে ঝরে পড়ছে স্নিগ্ধ জলধারা। সেই জলধারার টানে ঝরনাগুলোতে ভিড় জমাচ্ছেন ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীরা। পাহাড়ি জেলা রাঙামাটির বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই, কাউখালীসহ বিভিন্ন উপজেলার জলপ্রপাতগুলোতে এখন ভরা যৌবন।
রাঙামাটি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলার ডাক এলাকায় কাপ্তাই হ্রদের কোলঘেঁষে রয়েছে সুবলং ঝরনাসহ ছোট–ছোট বেশ কয়েকটি ঝরনা। ঝরনাগুলোতে প্রতিদিন স্থানীয় লোকজনসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে পর্যটকরা এসে ভিড় জমাচ্ছেন। তাদের কেউ কেউ ইঞ্জিনচালিত বোটে করে, কেউ লঞ্চ আর কেউ স্পিডবোটে করে কাপ্তাই হ্রদ ভ্রমণ করে এসব ঝরনায় যাচ্ছেন। বিশেষ করে শুক্র ও শনিবারে ঝরনাগুলোতে পর্যটকদের ভিড় বেশি হয়। সমপ্রতি সুবলং শিলার ডাক ঝরনায় গিয়ে কথা হয় ঢাকা থেকে আসা ইসরাত জাহানের সঙ্গে। তিনি বলেন, বন্ধুরা মিলে বেড়াতে এসেছি। এই গরমে ঝরনার পানিতে ভিজে খুব ভালো লাগছে। আরাফাত নোমান নামে আরেকজন বলেন, ঢাকায় কলিগদের থেকে এই ঝরনা ও জায়গায়টা সম্পর্কে শুনেছি। আমরাও প্ল্যান করে চলে এসেছি। ঝরনার পানিতে ভিজলাম। অনেক ভালো লাগছে।
সুবলং শিলার ডাক ঝরনার টিকেট কাউন্টারে দায়িত্বে থাকা সুফল চাকমা বলেন, এখন বর্ষা মৌসুম। বৃষ্টি হলে ঝরনায় পানি বাড়ে। আর ঝরনায় পানি থাকলে পর্যটকরা আসে। এই সপ্তাহ থেকে পর্যটক বেশি আসছে। অনেক সময় দৈনিক প্রায় ৩০০ থেকে এক হাজার পর্যন্ত হয়। আমাদের ব্যবসাও মোটামুটি ভালো যাচ্ছে।
যাতায়াত সুবিধা ও পুরনো হিসেবে সুবলং ঝরনা খুব পরিচিত হলেও রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সবচেয় বেশি ঝরনা রয়েছে। এছাড়া জেলার কাপ্তাই উপজেলার দেবতাছড়ি ও পাগলী ওপরপাড়া এবং কাউখালীর ঘাগড়া ঝরনা বেশ পরিচিত। তবে শুষ্ক মৌসুমে ঝিরি–ঝরনায় পানি থাকায় কেবল বর্ষাকালেই যৌবন ফিরে পায় এসব পাহাড়ি জলপ্রপাত।
সমপ্রতি বন্ধুদের সঙ্গে বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়ার ধুপপানি ঝরনা, গাছকাটা, ন’কাটা ঝরনায় ঘুরে আসেন নানিয়ারচর উপজেলার বাসিন্দা তাপস দেবনাথ। তিনি বলেন, খুব সকালে বোটে জার্নি শুরু হয়। প্রায় ২ ঘণ্টা রাইংক্ষ্যং খাল পার করে পৌঁছাই ধুপপানির কাছের ঘাটে। ওখান থেকে শুরু হয় ট্রেকিং। দুই ঘণ্টা রোমাঞ্চকর ট্রেকিং করে পৌঁছাই ধুপপানি ঝরনায়। ঝরনাটি দেখার পর সারাদিনের ক্লান্তি, অবসাদ সব যেন নিমিষেই শেষ হয়ে যায়। অবাক হয়েই তাকিয়ে ছিলাম অনেকক্ষণ।












