যৌন হয়রানির দায়ে মঞ্জুর শাস্তি ‘কঠোর’ বলেই মনে করে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

জাহানারা আলমকে যৌন হয়রানির দায়ে মঞ্জুরুল ইসলামের শাস্তি যথেষ্ট কঠোর বলেই মনে করেন বিসিবি নারী বিভাগের প্রধান ও তদন্ত কমিটির সদস্য রুবাবা দৌলা। আপাতত আর কোনো আইনি প্রক্রিয়ায় যাচ্ছে না বিসিবি। গত রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে জানানো হয়, সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে মঞ্জুকে। সংবাদ বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। সাবেক পেসার ও কোচ মঞ্জু অনেক দিন ধরেই দেশের ক্রিকেটে কাজ করছেন না। এই নিষেধাজ্ঞার ধাক্কা তাই আপাতত খুব তীব্রভাবে অনুভব করার কথা নয় তার। এত স্পর্শকাতর অপরাধ প্রমাণ হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। তবে বিসিবিতে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুবাবা দৌলা বলেন, আইনি দিক পর্যলোচনা করেই তারা কঠিন শাস্তি দিয়েছেন। ‘আমরা লিগ্যাল ফিডব্যাক নিয়েছি। লিগ্যালি অ্যাসেস করা হয়েছে যে, বিসিবির কি কি রাইটস অ্যাছে বা ডিউটিজ আছে, যেগুলোর এক্সারসাইজ করতে পারে। সেভাবেই আমরা অ্যাকশন নিয়েছি, আপাতত যে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি কর্পোরটেও কাজ করেছি, ওখানেও আমাদের এই ধরনের হয়রানি, যৌন হয়রানির জন্য কিছু কঠোর প্রক্রিয়া আছে। আমার বিশ্বাস, বিসিবি থেকে যে অ্যাকশন আমরা নিয়েছি, এটা কঠোর অ্যাকশন নিয়েছি। সব ধরনের ক্রিকেটে.. শুধু মহিলা নয়, পুরুষও, সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

গত ৪ ফেব্রুয়ারি বিসিবি জানিয়েছিল, জাহানারার করা যৌন হয়রানির সুনির্দিষ্ট চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক প্রমাণ পেয়েছে স্বাধীন কমিটি। সেটির প্রেক্ষিতেই শাস্তির সিদ্ধান্ত হয়। মঞ্জু ছাড়াও আরও বেশ কজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল জাহানারার। সেগুলো নিয়ে বিসিবি কিছুই জানায়নি এখনও পর্যন্ত। মঞ্জুর শাস্তি নিয়ে জাহানারার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ায় থাকা এই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু ব্যাপার খতিয়ে দেখে তিনি পরবর্তীতে প্রতিক্রিয়া জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধআইটিএফ বাংলাদেশের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ‘সাকিব-মাশরাফিকে নির্দোষ প্রমাণিত হয়েই ফিরতে হবে’