মিঠুন কুমার হালদারের বাড়ি খুলনায়। থাকেন নগরীর কাজির দেউড়ি এলাকায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তিনি একজন ভোটার। কিন্তু কোন্ ভোটকেন্দ্রে ভোট দেবেন সেটা তিনি জানেন না। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন– ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ ব্যবহার করে সহজেই জানা যাবে ভোটকেন্দ্র। এ তথ্যের ভিত্তিতে তিনি নিজের মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ইনস্টল করেন। সাথে সাথেই তিনি তার ভোটকেন্দ্রের বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে গিয়েছেন। জানতে চাইলে মিঠুন কুমার হালদার দৈনিক আজাদীকে বলেন, খুবই সহজ পদ্ধতি ছিল এটি। অ্যাপে ঢুকে জাতীয় পরিচয়পত্র তথা এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিলেই চলে আসবে আপনার ভোটকেন্দ্রের ঠিকানা। সেখানে একটি ডিরেকশনও রয়েছে। উক্ত ডিরেকশনে অফিস কিংবা বাড়ি থেকে ভোটকেন্দ্রের দূরত্বও বলে দেবে। পাশাপাশি আপনার আসনে কতজন প্রার্থী রয়েছেন, তাদের মার্কাসহ ধারাবাহিকভাবে দেওয়া আছে। তিনি বলেন, এটি সুন্দর একটি ব্যবস্থা। ভোটারদের খোঁজাখুঁজি করতে হবে না। মোবাইল ফোনে থাকা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ইনস্টল করলেই পেয়ে যাবেন ভোটকেন্দ্রের তথ্য। চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক তথা চট্টগ্রাম –১৪ আসনের ভোটার মো. রমজান আলীও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকে নিজের ভোটকেন্দ্রের তথ্য জেনে নিয়েছেন। গতকাল তিনি দৈনিক আজাদীকে বলেন, আমি নগরীর কোতোয়ালী এলাকায় বসবাস করি। ভোটের দিন সকালে ভোট দিতে গ্রামে যাব। কিন্তু আমার ভোটকেন্দ্র কোথায় সেটি জানতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ সম্পর্কে জানতে পারি। এরপর গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে আমার ভোটকেন্দ্র কোথায় সেটি জেনে নিই। ফলে ভোট দিতে গিয়ে আর বিড়ম্বনায় পড়তে হবে না। তিনি আরো বলেন, ভোটার নম্বর, ভোটিং সিরিয়াল নম্বর, ভোট সেন্টারের নাম– সবকিছুই অ্যাপটি থেকে পাওয়া যাচ্ছে। ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ভোটকেন্দ্র বিষয়ে তথ্য জানার একটি কার্যকরী পদ্ধতি বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমন্ট বিডি’ অ্যপসহ মোট চারটি পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাররা তাদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। ভোটারদের সুবিধার্থে এসব পদ্ধতি চালু করা হয়েছে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সহজে ভোটাররা তাদের ভোটার নম্বর, ভোটিং সিরিয়াল নম্বর ও ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন। নির্বাচন কমিশন সূত্র আরো জানায়, আপনি যদি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ থেকে ভোটকেন্দ্রের তথ্য জানতে চান; সেক্ষেত্রে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশনটি সিলেক্ট (নির্বাচন) করতে হবে। ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করতে হবে। এভাবে আপনার সামনে প্রদর্শিত হবে আপনার ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা। ‘হটলাইন’ পদ্ধতিতেও আপনি আপনার ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য আপনাকে ১০৫ হটলাইন নম্বরে ফোন করে ৯ চাপতে হবে। সেখানেই আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। অপারেটরকে এসব তথ্য দিলেই আপনি ভোটকেন্দ্রের তথ্য পেয়ে যাবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে– এসএমএস সেবা। এসএমএস এর মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ (ঢ়প হরফ) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। সর্বশেষ পদ্ধতি হচ্ছে– নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট। যেকোনো ব্রাউজার থেকে এ ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সহজে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানতে পারবেন। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা সিলেক্ট (নির্বাচন) করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।












