দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে মানুষের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। যেখানে যাচ্ছি মানুষ অভূতপূর্ব সাড়া দিচ্ছে।
তিনি গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম ইপিজেডে মারমা সমপ্রদায়ের সাথে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়ে এসব কথা বলেন। এসময় চট্টগ্রাম– ১১ আসনের এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো ধর্মই সামপ্রদায়িক নয়। কোনো ধর্মই হিংসা হানাহানি, মানুষে মানুষে বিভেদের শিক্ষা দেয় না। আমরা নিজেদের স্বার্থে সামপ্রদায়িকতা করি, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা সামপ্রদায়িক হয়ে যাই। প্রত্যেক ধর্ম মানবিক, প্রত্যেক ধর্ম মানবতার কথা বলে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা একুশে পদক প্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি লু সাই মং, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, সাথোয়াই প্রু। চনুমং মারমার সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, অ্যাডভোকেট উম্যাচিং মারমা, টিং মং প্রু, মাও সেতুং তংচ্যঙ্গা, মং পাই মারমা, মং হাই মারমা, ওয়ানা সারা ভিক্ষু, ক্যজথ্রী মারমা, রুমেল মারমা, ঝন্টু কুমার বড়ুয়া, জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সজল বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, মহিরাজ বড়ুয়া, কল্লোল বড়ুয়, সুজন কান্তি বড়ুয়া ও শোভন বড়ুয়া।












