যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী এলাকায় যুবদলকর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামি মো. সবুজকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম র‌্যাব৭ ও সিলেটের র‌্যাব৯ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্‌ফর হোসেন বলেন, গ্রেপ্তার সবুজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চালিয়ে আসছিল র‌্যাব। এরই ধারাবাহিকতায় অবস্থান শনাক্ত করে সবুজকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে বাকলিয়ার মাস্টারপুল এলাকার বাসিন্দা মিনহাজ রিকশায় করে কর্মস্থল জহুরুল হকার্স মার্কেটে যাচ্ছিলেন। পথে কোতোয়ালী থানার কোরবানীগঞ্জ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ ঘটনায় মিনহাজের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২টি একনলা বন্দুকসহ সিএনজি জব্দ
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালির ওপর ‘গায়েব’ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন