সাতকানিয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কয়েকজন বন্ধু মিলে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. রিয়াজ (২২)। গত বৃহস্পতিবার বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় পিটিয়ে আহত করার পর গতকাল শনিবার সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. রিয়াজ সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারোদোনা মোল্লাপাড়ার নাজিম উদ্দীনের ছেলে।
নিহতের মা রোজিনা আকতারের অভিযোগ, ঘটনার দিন বিকেলে রিয়াজের বন্ধু শাহাদাত, জায়েদ, আব্বাস, অনিক ও ফরহাদ তাকে বাড়ি থেকে ডেকে শাহ মজিদিয়া মার্কেট এলাকার একটি দোকানে নিয়ে যান। পরে রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনটি তাদের মধ্যে একজনের বলে দাবি করে। এ নিয়ে রিয়াজের সঙ্গে কয়েকজনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারা কাঠের বাটাম দিয়ে রিয়াজকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় মারধরে রিয়াজের মাথা, নাক ও মুখে গুরুতর জখম হয় এবং তার মুখের কয়েকটি দাঁত পড়ে যায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি ফার্মেসিতে আশ্রয় নিলেও হামলাকারীরা তাকে সেখান থেকে টেনে বের করে নাছির নামের এক ব্যক্তির দোকানের সামনে সড়কে নিয়ে আবারও মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও রিয়াজের চাচা মো. জহির তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। তাদের মারধরের কারণেই রিয়াজের মৃত্যু হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, রিয়াজকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আশা করি শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে।












