যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে ইরান

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৪৫ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে জড়ো হওয়া মার্কিন বাহিনী যদি হামলা চালায় তবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। গতকাল শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের গণমাধ্যম আল জাজিরাকে এমনটি জানিয়েছেন। এসব হামলাকে ঘাঁটিগুলো যেখানে অবস্থিত সেই দেশগুলোতে আক্রমণ হিসেবে দেখা উচিত হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার পরদিন আরাগচি এসব মন্তব্য করেছেন। এর আগে ওয়াশিংটন ও তেহরান, উভয়েই পারমাণবিক আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করে তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় ব্যাপক বোমা হামলা চালানোর পর ওমানেই প্রথম তেহরান ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। খবর বিডিনিউজের।

বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার। আরাগচি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা কবে হবে, তার তারিখ নির্ধারিত হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের প্রথমদিকেই আলোচনা হতে পারে। আরাগচি বলেছেন, “ওয়াশিংটন ও আমরা বিশ্বাস করি এটি শিগগিরই অনুষ্ঠিত হওয়া উচিত।” মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে নৌ ও বিমান বহরসহ বড় ধরনের সামরিক সমাবেশ গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসতে হবে, এর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আশপাশের অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে; অন্যথায় ফের ইরানের হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে ইরান পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ পশ্চিমা শক্তিগুলোর। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক প্রকল্পগুলো শান্তিপূর্ণ উদ্দেশে নিবেদিত, পারমাণবিক জ্বালানি দিয়ে বোমা বানানোর কোনা ইচ্ছা তাদের নেই।

পূর্ববর্তী নিবন্ধহার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন
পরবর্তী নিবন্ধবানর বেশে ওবামা দম্পতি, বর্ণবিদ্বেষী ভিডিও সরালেন ট্রাম্প