যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র থেকে বড় একটি গমের চালান দেশে পৌঁছেছে। ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে ‘এমভি উবন নারী’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকারটুসরকারভিত্তিক (জিটুজি) ‘জিটুজি৩’ চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রামে এবং বাকি ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে একই চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে। এছাড়া জিটুজি১ ও জিটুজি২ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি সম্পন্ন হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে চাহিদার বড় অংশ পূরণে সরকারি ও বেসরকারি খাতে আমদানি করা হয়। ইতোপূর্বে রাশিয়া ও ইউক্রেন থেকে প্রচুর গম আমদানি করা হলেও ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ এবং বাণিজ্য ঘাটতি কমাতে সরকার আমেরিকা থেকে বছরে অন্তত ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেয়।

পূর্ববর্তী নিবন্ধহাতি হত্যার পর মাটিচাপা দিয়ে উপরে ঝুপড়ি ঘর
পরবর্তী নিবন্ধবড় সাজ্জাদের সহযোগী মুজিব গ্রেপ্তার