যুক্তরাষ্ট্র তাদের জাহাজগুলোকে ইরানি জলসীমা থেকে যতোটা সম্ভব দূরে থাকতে বলেছে

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিনপতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নিদের্শনা জারি করে সেগুলোকে ইরানের জলসীমা থেকে যতোটা সম্ভব দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে মার্কিন জাহাজগুলোর জন্য নির্দেশনা এল। খবর বিডিনিউজের।

আল জাজিরা জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশনা দিয়ে মার্কিন জাহাজগুলোর ক্যাপ্টেনদের তাদের জাহাজে ইরানি বাহিনীকে ওঠার অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যদি ইরানি বাহিনী মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ওঠে তবে ক্রুদের উচিত হবে না তাদের (ইরানিদের) শক্তি প্রয়োগ করে প্রতিরোধ করা। তবে শক্তি প্রয়োগ করে প্রতিরোধ করা থেকে বিরত থাকা এটি বোঝায় না যে তাদের ওঠায় সম্মতি বা অনুমতি আছে। পরামর্শ দেওয়া হচ্ছে যে মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলো নৌচলাচলের নিরাপত্তা সঙ্গে আপস না করে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূর দিয়ে চলাচল করবে। যখন হরমুজ প্রণালীতে পূর্বমুখে চলবে তখন জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছ দিয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে। গত শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার একটি পর্ব অনুষ্ঠিত হওয়ার পর মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন থেকে নির্দেশনা এল। এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা পাল্টাপাল্টি হুমকিধামকিতে দেশ দুটি যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিল। গত বছর জুনে ইসরায়েল ইরানে বোমাবর্ষণ করার পর একজন ইরানি আইনপ্রণেতা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচল পথটি পারস্য উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে এই প্রণালী বন্ধ করে দেওয়া তেহরানের জন্য একটি বিকল্প হতে পারতো। জ্বালানি উৎপাদন করা মধ্যপ্রাচ্যের সাগরে প্রবেশ করার ক্ষেত্রে এর কৌশলগত অবস্থানের কারণে মার্কিন সরকার হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চোকপয়েন্ট বলে বর্ণনা করেছে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা পরামর্শের জন্য এআইয়ের ব্যবহার বিপজ্জনক : গবেষণা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভোটকেন্দ্র থেকে চুরি হলো সিসিটিভি ক্যামেরা