তেহরানের পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ব্যাহত করতে ইসরায়েল চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। আলোচনা ব্যাহত করে তারা নতুন একটি যুদ্ধ উসকে দিতে চায় যেন পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে, বলেছেন তিনি।
কাতারের দোহা সফরকালে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এ সেক্রেটারি বলেন, ওয়াশিংটনের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে সেসময় ইসরায়েল আলোচনাকে লাইনচ্যুত করার অজুহাত সাজাচ্ছে। বুধবার দোহা সফরকালে লারিজানি কাতারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। আমাদের আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গেই, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনায় নেই আমরা। তবে, ইসরায়েল যেচে এই প্রক্রিয়ায় নিজেদের জড়িয়েছে, আর তাদের উদ্দেশ্য হলো আলোচনাকে ব্যাহত করা ও বিঘ্ন ঘটানো, বলেছেন তিনি। খবর বিডিনিউজের।
ইসরায়েলের কৌশল হচ্ছে অঞ্চলকে অস্থিতিশীল করা, তাদের এজেন্ডার মধ্যে ইরানের বিরুদ্ধে কথিত অভিযোগ ছাড়াও অনেক কিছু আছে, যার প্রমাণ গত সেপ্টেম্বরে কাতারের রাজধানীতে হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের হামলা, বলেছেন তিনি। তারা কেবল ইরানকে নিয়েই জুয়া খেলছে না, কাতার, সৌদি আরব ও তুরস্ককে নিয়েও জুয়া খেলছে, অঞ্চলটির নেতাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে এমনটাই বলেন লারিজানি। গত বছরও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চলার মধ্যেই ইসরায়েল ইরানে হামলা করে বসে ওই আলোচনা ভণ্ডুল করে দিয়েছিল।












