যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি

চট্টগ্রামে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:৪৮ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সিনেমা প্যালেস চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিকনেতা মৃণাল চৌধুরী, বাসদ (মাক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সাধারণ সম্পাদক নূরচ্ছফা ভূইয়া, বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসীমসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বাসদ ( মার্ঙবাদী) নেতা জাহেদুন্নবী কনক।

সমাবেশে বক্তারা বলেন, বিগত অন্তবর্তীকালীন সরকারের আমলে জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত বাণিজ্য চুক্তি চরম বৈষম্যমূলক ও জাতীয় স্বার্থবিরোধী। একটি সত্যিকারের পারস্পরিক বাণিজ্য চুক্তি দুটি পক্ষের মধ্যে সমতা নিশ্চিত করে। কিন্তু এই চুক্তি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এবং একটি স্বাধীন দেশের জন্য দাসখতেরই নামান্তর মাত্র। নেতৃবৃন্দ আরো বলেন, সাংবিধানিক নীতি অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব সংক্রান্ত যেকোনো চুক্তি সংসদে অনুমোদিত হতে হয় এই চুক্তিতে তা হয়নি। তাই বিএনপি সরকারকে অবিলম্বে এই চুক্তি বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। বক্তারা যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে
পরবর্তী নিবন্ধইউজিসি চেয়ারম্যানের সাথে পোর্ট সিটি ভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ