বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা–সংগ্রাম ও আত্মত্যাগকে বিশ্বাস করে না তারাই নতুন করে মহান ৭১ সালের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার পরিবর্তে আমদানি করা কর্নেল অলিকে সামনে এনে জামায়াত জাতির সাথে জঘন্য মিথ্যাচার করছে। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায় সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে।
গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। জনসভায় লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি এদেশের গরীব ও সাধারণ মানুষের দল। কঙবাজারের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল বিএনপি তথা ধানের শীষকে ভালোবাসে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে কালো আইনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন বন্ধ করে দেয়া হয়েছিল। দেশি–বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রণয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুর রহমান, আবদুল মাবুদ, এস্তাফিজুর রহমান, এডভোকেট আবদুল কাইয়ুম, এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, যুবদলের এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জিসান উদ্দিন, সরওয়ার রোমন প্রমুখ।












