ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় পর্যায়ে সেমিনার গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ ও ইসলামিক ফাউন্ডেশন দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমিন নূরী।
প্রধান অতিথি বলেন, যাকাত ধনীর অনুগ্রহ নয়, যা দরিদ্র ও অভাবগ্রস্থদের দয়া করে দেয়া হয়। যাকাত বিত্তবানদের সম্পদ থেকে দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্য আল্লাহ তা’আলার নির্ধারিত বাধ্যতামূলক প্রদেয় নির্দিষ্ট অংশ। যাকাত না দেয়া মানেই হলো গরীবের হক আদায় না করা।
সভাপতির বক্তব্যে বোরহান উদ্দীন মো. আবু আহসান বলেন, যাকাতের মাধ্যমে বান্দার সম্পদ পবিত্র হয়। এমনকি সম্পদ বৃদ্ধি পায়। যাকাত ইসলামের বিধিবদ্ধ ইবাদত, মহাগ্রন্থ আল–কুরআনে সালাতের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। গত ২০২২–২০২৩ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের ক্ষেত্রে সারা দেশে চট্টগ্রাম প্রথম স্থান অধিকার করেছে এবং চট্টগ্রামের জেলা প্রশাসক দেশের সেরা যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে যাকাত ফান্ডকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার জন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলার উপ–পরিচালক মো. সেলিম উদ্দিন। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাসমূহের উপ–পরিচালকবৃন্দ, আলিয়া ও কউমি মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












