যমুনার সামনে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, পরে শাহবাগ অবরোধ

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গতকাল বিকাল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জসহ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়তে থাকে। তার পাল্টায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। খবর বিডিনিউজের।

সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান করতে দেখা যায়। তাদের অবরোধে শাহবাগ মোড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে। আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। এর মধ্যে রাত ৮টার দিকে আন্দোলনকারীদের কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে পড়লেও আন্দোলনকারীরা আশপাশের সড়কে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা পুলিশের সঙ্গে সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর আবার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ পুলিশকে কটাক্ষ করে নানা স্লোগান দিচ্ছিলেন।

তবে রাত ৯টার দিকে ফেসবুক লাইভে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার এক ঘণ্টা পর সড়ক ছাড়েন নেতাকর্মীরা। শাহবাগ অবরোধ সমাপ্ত ঘোষণা করে ‘জুলাই ঐক্যের’ সংগঠক প্লাবন তারিক বলেন, হাদিরা আজকেও রক্তাক্ত হয়েছে। আমাদের দাবি কোনো কঠিন দাবি ছিল না। ইউনূস যেন জাতিসংঘের কাছে চিঠি দিয়ে যায় ওসমান হাদির বিচারের জন্য। আমরা নিরূপায় হয়ে যমুনায় গিয়েছিলাম। আমরা কোনো সংঘাত করতে যাইনি। আমরা সারারাত অপেক্ষা করেছি, একটি কেরানিও এসে আমাদের খবর নেয়নি। আমরা ইন্টারকন্টিনেন্টালে অবস্থান নিয়েছিলাম, আমরা সেখানে কোনো বিশৃঙ্খলা করি নাই। আমরা প্রশাসনের সঙ্গে বসেছি, কিন্তু ওসমান হাদির বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নতুন করে এ আন্দোলন শুরু হয় গত বৃহস্পতিবার। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই দাবিতে গতকাল জুমার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দেয় সংগঠনটি। বিকাল ৪টার দিকে সেই জমায়েত থেকে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মঞ্চের নেতাকর্মীদের, রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টালের সামনের এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত। এরমধ্যে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবর দেওয়া হয়। যেটির বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ তা অস্বীকার করে বার্তা পাঠায়। পুলিশের মতো একই বক্তব্য এসেছে অন্তর্বর্তী সরকারের তরফেও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকেও বলা হয়, আহতদের মধ্যে তারা গুলিবিদ্ধ অবস্থায় কাউকে পায়নি।

পূর্ববর্তী নিবন্ধযমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি
পরবর্তী নিবন্ধঢাকায় ইনকিলাব মঞ্চের হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ