মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে এ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে। ৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন। ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯/২০ ও ২০২৪/২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৫ গোল করেছেন সালাহ। তার আগের মৌসুমে করেছিলেন ২৯ গোল। গত ডিসেম্বরে কোচ আর্নে স্লটের সাথে নাটকীয় বিরোধে এ্যানফিল্ডে সালাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরী হয়। লিভারপুলে তাকে যথাযথ সম্মান দেয়া হচ্ছে না, এই অভিযোগে সালাহস্লট বিরোধ চরমে ওঠে। তারই জেড়ে পরপর দিন ম্যাচ সালাহকে সাইডলাইনে বসিয়ে রাখেন স্লট। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলকে বিদায় জানানোর বিষয়ে এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যবশত: সেই দিনটি সামনে এসেছে।

এটা আমার বিদায়ে প্রথম অধ্যায়। আমি মৌসুমের শেষে লিভারপুল ছাড়তে যাচ্ছি। আমি শুরুতেই বলতে চাই, কখনো কল্পনাও করিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়। এটা একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মা। যারা এই ক্লাবের অংশ নয়, তাদের কাছে আমি এটা ভাষায় বোঝাতে পারব না।এখানকার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে অতীত ও বর্তমানের সতীর্থদের।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে বদলে গেলো বাংলাদেশের হকি ভেন্যু
পরবর্তী নিবন্ধবরুমচড়ায় ক্রিকেট কার্নিভ্যালের উদ্বোধন