মোহামেডানের দ্বিতীয়, বন্দরের প্রথম জয়

সিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চবক ক্রীড়া সমিতি ৭৪ রানে অপর অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। তিন খেলায় এটি বন্দরের প্রথম জয়। এদিন টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার সাদিকুরের সেঞ্চুরিতে ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা ২২২ রান সংগ্রহ করে। সাদিকুর রহমান ৫৫ বল খেলে ১১৩ রান করেন ৯টি চার এবং ৮টি সাহায্যে। এছাড়া নাজিমুদ্দিন সাব্বির ২৬,শাহাদাত বাবু ২৬, মেহরাব খান অপা. ২৬,মহিউদ্দিন ১৭ রান করেন। অতিরিক্ত থেকে জমা হয় ১৩ রান। সিটি কর্পোরেশন একাদশের পক্ষে ২টি করে উইকেট পান শামসুদ্দিন বাপ্পা এবং সাজিত আবদুল্লাহ। জবাবে সিটি কর্পোরেশন ১৯.২ ওভার খেলে ১৪৮ রানে সবাই আউট হয়ে যায়। দলীয় অধিনায়ক শাহাদাত হোসেন দীপু ৪৪ বলে ৮১ রান করলেও বাকিরা তাকে যোগ্য সহযোগিতা করতে পারেননি। অন্যদের মধ্যে শামসুদ্দিন বাপ্পা ১৮,সাজ্জাদুর রহমান ১৫,সাইদুল ইসলাম ইমরান ১১ রান ছাড়া আর কেউ দু’অংকে যেতে পারেননি। বন্দরের শাহরিয়ার মাহিম,মহিউল ইসলাম এবং ইকবাল বাহার ২টি করে উইকেট পান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চবক ক্রীড়া সমিতির সাদিকুর রহমান। তার হাতে প্লেয়ার অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেট খেলোয়াড় আফতাব উদ্দিন আহমেদ, সিজেকেএস কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার ওয়াসিম কামাল রাজা এবং ইয়াসির আরাফাত পাবলু।

একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৭ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। মোহামেডানের এটি টানা দ্বিতীয় জয় এবং ব্রাদার্সের দ্বিতীয় পরাজয়। টসে জিতে মোহামেডান প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। শুরুতেই মোহামেডান ধাক্কা খায়। দুই ওপেনার কোন রান না করেই ফেরত যান। পরে অধিনায়ক শহিদুল ইসলামের ৪৫, সাখাওয়াতের অপ. ২২ এবং রিপন শর্মার ১৭ রানের বদৌলতে তারা শতের কোঠা পার হতে সমর্থ হয়। অতিরিক্ত থেকে আসে ১১ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে আবদুল কাদের রাসেল ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান নাঈম হাসান,আরমান হোসেন এবং সাদমান বিন খালেদ। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে কাজী কামরুল ইসলাম ১২,এএসএম নকিব ১৫, তানভির ১১,আবদুল কাদের ১৫ এবং আরমান হোসেন ১৮ রান করেন। চার ব্যাটার কোন রান না করেই প্যাভিলিয়নে ফিরেন। মোহামেডানের পক্ষে সাখাওয়াত মাত্র ৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। শহিদুল ইসলাম ২৪ রান দিয়ে পান ৩টি উইকেট। ১টি করে উইকেট পান তৌহিদুল হাসান এবং সাজ্জাদ হোসেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের শহিদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর কাজী জসিম উদ্দিন ও ফারুক আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কার্লোস আলকারাসের
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের সেমিফাইনালে চট্টগ্রাম