মোহামেডান,বন্দর সেমিফাইনালে

সিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইস্পাহানী স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। এ জয়ের ফলে ইস্পাহানী চার খেলায় চার পয়েন্ট অর্জন করে। এদিকে বন্দর এবং সিটি কর্পোরেশনও চার পয়েন্ট করে পায়। কিন্তু রান রেটে বন্দর এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের রানার আপ হিসেবে তারাই সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে তারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন রাইজিং স্টার ক্লাবের সাথে খেলবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব এ কে এম আবদুল হান্নান আকবর। গতকাল টসে জিতে ইস্পাহানি প্রথমে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাট করতে পাঠায়। ১৮.৪ ওভার খেলে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। দলের কাজী কামরুল ১৮,আবদুল কাদের ১০ রান করে। ইস্পাহানির পক্ষে মো. ইফরান হোসেন ৯ রান দিয়ে ৪টি উইকেট পান। এছাড়া সাজেদ উল আলম ১৩ দিয়ে ৩টি এবং শাহদাত হোসেন ১৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ১টি উইকেট পান আবু নাসের হৃদয়। জবাবে ইস্পাহানি ৯.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৭১ রান তুলে নেয়। দলের মো. হান্নান অপরাজিত ৩৩ এবং রাকিবুল ইসলাম ১২ রান করেন। ব্রাদার্স ইউনিয়নের আরমান হোসেন ১১ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইস্পাহানী স্পোর্র্টিং ক্লাবের মো. ইফরান হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আসাদুজ্জামান খান এবং সামিউল হাসান রুম্মন।

একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। এ জয়ে মোহামেডান ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে তারা খেলবে ‘এ’ গ্রুপের রানার আপ রাইজিং স্টার জুনিয়রের বিপক্ষে। টসে জিতে গতকাল প্রথমে ব্যাট করতে নামে সিটি কর্পোরেশন একাদশ। ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ৯৫ রান তুলতে পারে। দলের শাহাদাত হোসেন দীপু ২৬,কৈলাশ নাথ ঘোষ ২০,সায়েদ হোসেন জয় ১১ এবং সাজ্জাদুর রহমান অপরাজিত ১১ রান করেন। মোহামেডানের তৌহিদুল হাসান ১২ রানে ৩টি, শহিদুল ইসলাম ৯ রানে ৩টি উইকেট নেন। সাজ্জাদ হোসেন পান ২টি উইকেট। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৪.৫ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৯৯ রানে পৌঁছে যায়। ওপেনার সাজ্জাদ হোসেন ২১ বল খেলে সর্বোচ্চ ৪৬ রান করেন ৫টি চার ৪টি ছক্কা মেরে। এছাড়া শহিদুল ইসলাম ২২ রান করেন। সিটি কর্পোরেশন একাদশের তানভির হোসেন ২টি উইকেট লাভ করেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের শহিদুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর আবু হেনা মোস্তফা কামাল টুলু এবং স্পন্সর প্রতিনিধি রনি পাল।

পূর্ববর্তী নিবন্ধজনাব আলী পাইলট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধ‘ওয়ারফেজের’ একুশে পদক আবেগতাড়িত টিপু বললেন, একদম অপ্রত্যাশিত