মোহরা এশিয়ানের টানা তিন,বাকলিয়া একাদশ জুনিয়রের প্রথম জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব এবং বাকলিয়া একাদশ জুনিয়র নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে চিটাগাং রয়েলকে পরাজিত করে। এনিয়ে মোহরা এশিয়ান টানা তিন খেলায় জয়লাভ করলো। অন্যদিকে চিটাগাং রয়েল তিন খেলায় এ প্রথম পরাজিত হলো। প্রথম দুটি খেলায় তারা জয়লাভ করেছিল। গতকাল টসে হেরে চিটাগাং রয়েল প্রথমে ব্যাট করতে নামে। তারা ১৯.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৮০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে আরাফাত খানের ব্যাট থেকে। তিনি ৩৯ বল খেলে ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৪০ রান করেন। এছাড়া ইরশাদুল ইসলাম ১৯ বলে ১৪ রান করেন। অন্যদের মধ্যে কেউই আর দুই অংকের ঘরে যেতে পারেনি। মোহরা এশিয়ানের পক্ষে সিরাজুল মোস্তফা ৪ ওভার বল করে ১ মেডেন ৪ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। এছাড়া আদিল কবির ১৫ ও জুলহাস সাগর ১৮ রান দিয়ে ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন আবদুল্লাহ নাহিয়ান এবং তন্ময় তপু। জবাবে মোহরা এশিয়ান ১৫.২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে নেয়। শুরুতে ৫ রানে ২টি উইকেট হারালেও পরে সুহু ইবনে এবং আদিল কবিরের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহরা এশিয়ান। সুহু ৪৪ বল খেলে ৪০ রান করেন।

তিনি ৩টি চার এবং ১টি ছক্কা মারেন। আদিল কবির ৩২ বল খেলে ২৬ রান করেন। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আদিল কবির। তার হাতে পুরস্কার তুলে দেন মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাবের কোচ মোমিন খোন্দকার। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় বাকলিয়া একাদশ জুনিয়র ২৮ রানে ডবলমুরিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথম দুটি খেলার হার মানলেও তৃতীয় খেলায় গতকাল প্রথম জয়লাভ করে। অন্যদিকে ডবলমুরিং ক্লাব চার খেলার চারটিতেই পরাস্ত হয়েছে।

টসে জিতে বাকলিয়া একাদশ জুনিয়র প্রথমে ব্যাট করে। ৮ উইকেট হারিয়ে তারা ১০৭ রানে সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২১ থেকে। এছাড়া রোহিত ১৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদের মধ্যে আবিদ ১৬,সবুজ ১৫ এবং সাইম ১৫ রান করেন। ডবলমুরিং ক্লাবের পক্ষে নারায়ন নাথ ১৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান আবদুর রাজ্জাক। ১টি করে উইকেট পান আবিদুল হক, আবুল হাসান এবং মাইনূর ইসলাম। জবাবে ডবলমুরিং ক্লাব ১৮ ওভার খেলে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার আবু নেওয়াজের ব্যাট থেকে। ৬টি চারের সাহায্যে ৩২ বল খেলে ৩৯ রান করেন তিনি। এছাড়া জালাল উদ্দিন ১১ এবং সিয়াম উল আওয়াল ১০ রান করেন। বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। বাকলিয়া একাদশ জুনিয়রের আইমান ৪ ওভার বল করে ২ মেডেন ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান প্রিয়ন্ত এবং রোহিত। ১টি উইকেট নেন ফোরকান। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আইমান। তার হাতে পুরস্কার তুলে দেন কোচ রাজকুমার এবং কোচ ও ম্যানেজার নাহিদ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই
পরবর্তী নিবন্ধআইসিসির শাস্তি পেলেন সালমান