মোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুঃখজনক’ বললেন আইপিএল চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে তার বাদ পড়ার প্রায় তিন মাস পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো কথা বললেন তিনি। গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পুরো ঘটনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন ধুমাল। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই।’ তিনি আরও যোগ করেন, ‘কখনও কখনও এমন ঘটনা ঘটে। আমার মতে, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, কিন্তু কিছু পরিস্থিতির কারণে সিদ্ধান্ত নিতে হয়। আমি আশা করি ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না।’

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধসাগরিকা-অর্পিতাদের ভাবনায় এখন চীন